দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোরের শেখহাটি এলাকায় আলোচিত ‘বিসমিল্লাহ মধু ট্রেডিং’-এ অভিযান চালিয়ে কৃত্রিমভাবে মধু তৈরি ও ভেজাল পণ্য উৎপাদনের প্রমাণ পেয়েছে র্যাব। বুধবার (২৯ এপ্রিল) দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স জানান, দীর্ঘদিন ধরে ওই প্রতিষ্ঠানে ভেজাল মধু উৎপাদন ও বাজারজাতের অভিযোগ ছিল। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে কৃত্রিমভাবে মধু তৈরি ও তা খাঁটি মধু হিসেবে বিক্রির সত্যতা পাওয়া যায়। এছাড়া কালোজিরা, সাদাতিলসহ বিভিন্ন পণ্য ভিন্ন নামে অবৈধভাবে মোড়কজাত করে বিক্রির প্রমাণও মেলে। গোডাউন থেকে বিপুল পরিমাণ মোড়কজাত সামগ্রী জব্দ করা হয়। পাশাপাশি কাসুন্দি তৈরির জন্য গত বছরের আম সংরক্ষণের প্রমাণও পাওয়া গেছে।
অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিনিয়র সহকারী কমিশনার গুঞ্জন বিশ্বাস। আদালত প্রতিষ্ঠানটির মালিক মাহাবুবুর ইসলামকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেন। অভিযানে বিএসটিআই’র প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
র্যাব জানায়, প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে আগে থেকেই তিনটি মামলা রয়েছে এবং একাধিকবার অভিযান চালিয়ে জরিমানাও করা হয়েছিল। এবার সরাসরি কারাদণ্ড প্রদান করা হয়।
এমএস/